অনলাইনে বৃত্তিমূলক শর্টকোর্স চালুর আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

১৬ মে, ২০২০ ১৯:৪৬  
অনলাইনে বিশেষায়িত দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। এজন্য প্রথাগত শিক্ষা ধারণা থেকে বেরিয়ে এসে লংকোর্স থেকে শর্টকোর্স চালু করতে পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন শিক্ষার ডিজিটাল আবকাঠামো তৈরিতে সরকার আগে থেকেই প্রস্তুত ছিলো। ফলে অল্প সময়ের মধ্যে কোভিড-১৯ এর মধ্যেই অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করা গেছে। এক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে আরেকটু এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রেই বাণিজ্যিকায়ন হয়েছে। ফলে বেসিক সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং ভোকেশনাল শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মার্কেট লেড অফারিং থেকে বেরিয়ে আসতে হবে। ওল্ড স্কুল ধারণা থেকে বেরিয়ে এসে শর্ট কোর্স চালু করতে হবে। অভিজ্ঞতা জ্ঞান ও দক্ষতা নির্ভর অর্থনীতিতে রূপান্তরে আমাদের অ্যাকাডেমিক ইনারশিয়া থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনের অনলাইন লার্নিং সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী। প্যানেল আলোচনা, শিক্ষক প্রশিক্ষণ ও ডিজিটাল শিক্ষার প্রয়োজনীয় টুলস উপস্থাপন ও বিনিময়ের মধ্য দিয়ে ২০টি শেসনে আজ শেষ হলো দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত অনলাইন শিক্ষণ সম্মেলন। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এটুআই এর ফিউচার লার্নিং বিষয়ক নীতি উপদেষ্টা আফজাল হোসাইন সারোয়ার, সম্মেলনের আহ্বায়ক সারোয়ার হোসাইন এবং ড্যাফোডিল ফ্যামিলি গ্রুপ সিইও মোহাম্মাদ নুরুজ্জামান। অনুষ্ঠানে সম্মেলন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভিকারুন্নেসা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ পাবলিক কলেজের শিক্ষার্থী মো: মুঞ্জের ইরফান। অপরদিকে শিক্ষকদের মধ্যে অনলাইন শিক্ষণ প্রক্রিয়ার সর্বোত্তম অনুশীলন বিষয়ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নীলফামারির রামচন্দ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইবুল হাসান তুষার। এতে রানার্স আপ হয়েছেন ড্যাফোডিলের অমিত চন্দন এবং ফারহানা জাহান লতা।